মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তারেক রহমান


বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিপ্লব-পরবর্তী বিভাজনের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট ও দিল্লির তাঁবেদাররা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি এসব চক্রান্ত রুখতে দেশের সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

১ জানুয়ারী ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ 

ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে সমাজে যে বিভাজন তৈরি হয়েছে, তার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি ও দিল্লির তাঁবেদাররা নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব চক্রান্ত রুখতে এবং জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, “আমরা প্রথমেই আপসহীন সংগ্রামের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। তারেক রহমানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি ডাকসুসহ দেশের ছাত্রসমাজের প্রতি গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন এবং সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।”

আগামীর রাজনীতি হবে ‘বাংলাদেশপন্থী’- এমন মন্তব্য করে তিনি বলেন, “দেশ, মাটি, মানুষ ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখাই হবে আগামীর রাজনীতির মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া আমাদের যে পথ দেখিয়েছেন, সেই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব।”

তরুণ প্রজন্মের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে সাদিক কায়েম বলেন, “গত ১৬ বছর ধরে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।” পাশাপাশি জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে প্রস্তাবিত গণভোটের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাণ হারানো শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাদিক কায়েম বলেন, “ওসমান হাদিকে যারা গুলি করেছে এবং যারা হত্যার পরিকল্পনাকারী, তারা এখনো গ্রেপ্তার হয়নি। স্বাধীন বাংলাদেশে তার বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে।”

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তি যদি একসঙ্গে থাকে, তবে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।