শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

শেখ মুজিবের ছবিযুক্ত পুরনো নোট আবার বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক


বর্তমান সরকারের নির্দেশনায় অন্তর্বর্তী সরকারের সময় সিলগালা করা শেখ মুজিবের ছবিযুক্ত পুরনো নোট আবার বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এসব নোট বিনিময় ও বাজারে বিতরণ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২৫ মার্চ ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ 

শেখ মুজিবের ছবিযুক্ত পুরনো নোট আবার বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বর্তমান সরকারের নির্দেশনার পর আবারও বাজারে ছাড়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরনো নোট। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এসব নোট ব্যাংকগুলোর মাধ্যমে বিনিময় ও বিতরণের কার্যক্রম শুরু করেছে।

এর আগে জুলাই অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা ঘটে। পরবর্তীতে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে ছাড়ার কার্যক্রম বন্ধ করে এবং নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত নেয়।

তবে নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর নতুন ডিজাইনের নোট ছাপাতে অতিরিক্ত ব্যয় এড়াতে পুরনো ছাপানো নোট পুনরায় বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ ব্যাংকে সিলগালা অবস্থায় থাকা শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরনো নোটগুলো এখন ধাপে ধাপে বাজারে ছাড়া হচ্ছে।

এ বিষয়ে সোনালী ব্যাংক–এর মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ঈদুল আযহার সময় পুরনো ছাপের নোট বিতরণ বন্ধ করা হয়েছিল। পরে বাংলাদেশ ব্যাংক সেগুলো উদ্ধার করে এবং প্রয়োজন অনুযায়ী আবার বিতরণ শুরু করা হয়।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন ডিজাইনের নয় ধরনের নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে সরবরাহের গতি মিলিয়ে ওঠা যাচ্ছিল না। যেহেতু পুরনো নোট নিষিদ্ধ করা হয়নি এবং বাজারে চাহিদা রয়েছে, তাই ঘাটতি পূরণে আগেই ছাপানো পুরনো ডিজাইনের নোটগুলো পর্যায়ক্রমে বাজারে ছাড়া হচ্ছে।  বাজারে নোটের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও একইভাবে বিতরণ কার্যক্রম চলবে।