রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

প্রেক্ষাগৃহে বাড়ছে ‘বনলতা এক্সপ্রেস’-এর গতি, চার দিনেই আয় কোটি ছাড়াল


মুক্তির সপ্তাহেই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ঈদে মুক্তি পাওয়া পাঁচটি ছবির ভিড়েও প্রেক্ষাগৃহে ভালো দর্শক টানছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, মুক্তির মাত্র চার দিনেই ছবিটির টিকিট বিক্রি ১ কোটির টাকার সীমা ছাড়িয়েছে।

২৭ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ 

প্রেক্ষাগৃহে বাড়ছে ‘বনলতা এক্সপ্রেস’-এর গতি, চার দিনেই আয় কোটি ছাড়াল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই সিনেমাটির আয় ধারাবাহিকভাবে বাড়ছে, যা প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম চার দিনে সিনেমাটি ১ কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা থেকে এসেছে প্রায় ৮৫ লাখ টাকা। আর ব্লকবাস্টার সিনেমাসে বিক্রি হয়েছে ১৫ লাখ ৩০ হাজার টাকার বেশি টিকিট।

আয়ের হিসেবে দেখা গেছে, মুক্তির প্রথম দিনেই ১৮ লাখ ৫৪ হাজার টাকা আয় দিয়ে যাত্রা শুরু করে ছবিটি। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ২২ লাখ ২৬ হাজার টাকা। তৃতীয় দিনে তা বেড়ে হয় ২৮ লাখ ৮৯ হাজার টাকা। মুক্তির পর থেকে প্রতিদিনই আয় বাড়ছে, যা সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্মাতা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগিয়ে চলা গল্পে যাত্রীদের জীবনের নানা অভিজ্ঞতা, সম্পর্ক এবং অনুভূতির চিত্র তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেক শিল্পী। মুক্তির পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।