সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সমুদ্র সৈকতে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল


টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (৪২) শুটিং চলাকালে দুর্ঘটনায় মারা গেছেন। ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

২৯ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ 

সমুদ্র সৈকতে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

টালিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর খবরে। রোববার তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শী ও ইউনিট সূত্রে জানা যায়, শুটিং চলাকালে হঠাৎ করেই পানিতে তলিয়ে যান রাহুল। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধারাবাহিকের সহশিল্পী সোমাশ্রী চাকি। তিনিই প্রথম অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। সোমাশ্রী জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তারা একসঙ্গে শুটিং করেছেন। তিনি বলেন, আজই তাদের কলকাতায় ফেরার কথা ছিল। শুটিং শেষ করে সবাই প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। তার ভাষায়, “আমরা স্পটে ছিলাম না। পানির মধ্যেই কিছু একটা হয়েছে। ফেরার সময় রাহুল আমাকে বলেছিল ‘আর দেখা হবে না আমাদের।’”

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনয়জীবনের শুরু থিয়েটার মঞ্চে। বিজয়গড় থিয়েটার দলের হয়ে ‘রাজ দর্শন’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি এবং দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

এই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও মাঝেমধ্যে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল, তবে ছেলে সহজের কথা ভেবে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এই দম্পতি।

অভিনয়ের পাশাপাশি রাহুল ‘সহজ কথা’ নামের একটি জনপ্রিয় পডকাস্ট শো সঞ্চালনা করতেন, যা দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ধারাবাহিকে অভিনয়ে ফেরেন তিনি। সর্বশেষ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছিল। তার আকস্মিক মৃত্যুতে সহশিল্পী, ভক্ত এবং টালিউড অঙ্গনের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।