রূপের জাদু • শাড়িতে ঐতিহ্য, সাজে আধুনিকতা-মুগ্ধ করলেন পূর্ণিমা।
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দোল খাওয়া কাশফুল সব মিলিয়ে বাংলার প্রকৃতিতে তৈরি হয়েছে উৎসবমুখর এক পরিবেশ। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই মুহূর্তের ছবি ও ভিডিওতে ভরে উঠছে ভক্তদের টাইমলাইন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন পূজা। ছবিগুলোতে তাকে দেখা যায় ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশফুলের মাঝে সময় কাটাতে। কখনো কাশফুলের পাশে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজেকে মেলাতে দেখা গেছে অভিনেত্রীকে।
শরতের নরম আলো আর সাদা কাশফুলের আবহে পূজার সাজও পেয়েছে আলাদা মাত্রা। ছবিগুলো প্রকাশের পরপরই অনুরাগীদের নজর কাড়ে তার এই প্রকৃতিপ্রেমী মুহূর্ত। অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও ছবির নান্দনিকতার প্রশংসা করেছেন।
ছবির সঙ্গে শরৎকে ঘিরে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। ক্যাপশনে তিনি লিখেছেন, "সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প"!
পূজার এই কথাতেই স্পষ্ট, দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আবহ ইতোমধ্যেই তার মনেও জায়গা করে নিয়েছে। শরৎ এলেই বাঙালির মনে দুর্গাপূজার আনন্দ ও অপেক্ষা নতুন করে জেগে ওঠে। কাশফুলের মাঝে দাঁড়িয়ে অভিনেত্রীর ছবি গুলোতেও যেন সেই উৎসবের আগমনী বার্তাই ফুটে উঠেছে।
পূজার পোস্টে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল বেশ চোখে পড়ার মতো। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ কাশফুলের সঙ্গে তার উপস্থিতির তুলনা টেনেছেন। আবার অনেকে তাকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন। পোস্ট প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে যোগ হয়েছে বিপুলসংখ্যক প্রতিক্রিয়া।
এদিকে অভিনয়ের ব্যস্ততায় সাম্প্রতিক সময়ে কিছুটা নীরব রয়েছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে তার নতুন সিনেমা নিয়ে বড় কোনো খবর সামনে আসেনি। সর্বশেষ তাকে দেখা গেছে সৈকত নাসির পরিচালিত "মাসুদ রানা" সিনেমায়। যদিও সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগেই।
বর্তমানে নতুন কোনো কাজের ঘোষণা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত মুহূর্ত ও নানা আয়োজনের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পূজা। এবার শরতের কাশবনে তার এই উপস্থিতিও তাই হয়ে উঠেছে অনুরাগীদের আগ্রহের অন্যতম বিষয়।