নেতানিয়াহুকে যুদ্ধ থামানোর আহ্বান ট্রাম্পের
১৭ এপ্রিল ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
লেবাননে চলমান উত্তেজনা প্রশমনে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইরান। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে দেশটি। ফলে এই প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির সময়জুড়ে হরমুজ প্রণালি খোলা থাকবে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ (নেভাল ব্লকেড) বহাল থাকবে। ইরানের সঙ্গে আলোচনার বেশিরভাগ বিষয় ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে এবং পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ হওয়া উচিত।
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ছিল ইরানের অন্যতম প্রধান দাবি। সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ডোনাল্ড ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একইসঙ্গে মার্কিন অবরোধ বহাল থাকায় পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি।