রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ওয়াশিংটনে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।

২৬ এপ্রিল ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ 

ওয়াশিংটনে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (২৫ এপ্রিল) রাতে একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনের বরাতে জানা যায়, অনুষ্ঠান চলাকালে আচমকা গুলির শব্দ শোনা গেলে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।

ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দ্রুত সক্রিয় হয়ে ওঠেন। তারা উপস্থিত সবাইকে নিচে ঝুঁকে থাকতে নির্দেশ দেন এবং প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পসহ অনেকে টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এরপর নিরাপত্তা বাহিনী সদস্যরা দ্রুত প্রেসিডেন্টকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরবর্তীতে সশস্ত্র নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং জানান, সাময়িকভাবে অনুষ্ঠান স্থগিত করা হলেও তা পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। ঘটনার কারণ ও গুলির উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।