বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী এবং সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ এবং জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা অত্যন্ত জরুরি।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশ-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের সামগ্রিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি যে উন্নয়ন ও সক্ষমতার পরিচয় দিয়েছে, তা জাতির জন্য গর্বের। তিনি আরও বলেন, বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময় একটি দক্ষ, প্রশিক্ষিত ও জনমুখী জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।
জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের সেই গণআন্দোলন আবারও প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা প্রত্যাশা করে আসছিল এবং বর্তমান সরকার সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আধুনিক রাষ্ট্র গঠনের জন্য জনপ্রশাসনকে আরও বেশি জনমুখী ও কার্যকর হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমলাতন্ত্রকে প্রথাগত ধ্যানধারণার বাইরে এসে জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।