শাহরুখের রাজত্ব • সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ খান।
৩১ আগস্ট ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সিতে দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন সুপারস্টার।
সোমবার নিজের ফেসবুক পেজে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে মেসি লেখেন, বিশ্বকাপ ফাইনালের পর অনেক সময় পেরিয়ে গেলেও দীর্ঘ চিন্তা-ভাবনার পর তিনি জাতীয় দল থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আবেগঘন পোস্টে মেসি বলেন, এই সিদ্ধান্ত মেনে নেওয়া তার জন্য অত্যন্ত কষ্টের। তবে সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেছেন, জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়।
তিনি লেখেন, জাতীয় দলের জার্সির জন্য সব সময় নিজের সর্বোচ্চটা দিয়েছেন। শুধু শেষ কয়েক বছরে আর্জেন্টিনার হয়ে বড় সাফল্য অর্জনের সময়ই নয়, বরং ক্যারিয়ারের শুরু থেকেই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে নিজের সবটুকু দিয়ে লড়াই করেছেন তিনি।
মেসি আরও বলেন, সময়ের সঙ্গে জীবনের একের পর এক অধ্যায় শেষ হয়ে আসে। আর আর্জেন্টিনা জাতীয় দলের অধ্যায়টির সমাপ্তি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।
জাতীয় দলের হয়ে খেলাটা তিনি সব সময় ভালোবেসেছেন এবং ভবিষ্যতেও সেই ভালোবাসা অটুট থাকবে বলেও জানান মেসি। তার ভাষায়, তিনি নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন এবং এখন নতুন প্রজন্মের তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে জায়গা করে নেওয়ার সুযোগ করে দেওয়ার সময় এসেছে।
গত ২০ বছর ধরে সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, মাঠে খেলার সময় গ্যালারি থেকে ভেসে আসা সমর্থকদের গর্জন তিনি খুব মিস করবেন। তবে মাঠে আর না নামলেও একজন সাধারণ সমর্থক হিসেবে সব সময় আর্জেন্টিনা দলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মেসি। দলের ভালো সময়ে যেমন সমর্থন করবেন, তেমনি কঠিন সময়েও আরও বেশি করে পাশে থাকবেন বলে জানান তিনি।
পোস্টে নিজের পরিবারের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। দীর্ঘ ও কঠিন এই যাত্রায় সব সময় পাশে থাকার জন্য পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ক্যারিয়ারে কাজ করা সব কোচ, সতীর্থ ও কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ফুটবল মহাতারকা।
জাতীয় দলের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি ও স্মরণীয় মুহূর্ত হৃদয়ে নিয়ে বিদায় নিচ্ছেন জানিয়ে মেসি বলেন, সতীর্থদের সঙ্গে মিলে আর্জেন্টিনার মানুষের স্বপ্নের কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছেন-এটাই তার কাছে সবচেয়ে বড় গর্বের।
সবশেষে আর্জেন্টিনার মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে মেসি লেখেন, আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। এরপর চিরচেনা আহ্বান জানান-‘এগিয়ে যাও আর্জেন্টিনা।’
আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সফল অধ্যায় হিসেবে বিবেচিত। দেশের জার্সিতে দীর্ঘ পথচলায় তিনি বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা জিতেছেন এবং কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের স্বপ্নপূরণের নায়ক হয়ে উঠেছেন।