রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মেসির বিদায়ী ম্যাচে বিশেষ সোনালি জার্সি


আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে মেসি পরবেন আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া থাকা বিশেষ স্মারক জার্সি।

২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ণ 

মেসির বিদায়ী ম্যাচে বিশেষ সোনালি জার্সি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জন্য তৈরি করা হয়েছে বিশেষ নকশার জার্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জার্সিটির প্রথম ঝলক নিজেই প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

পুরোনো জার্সির জায়গায় নতুন জার্সি তুলে রাখার একটি ভিডিও প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’ এরপর জার্সিটির বিস্তারিত নকশা প্রকাশ করে অ্যাডিডাস। চিরচেনা আকাশি ও সাদা রঙের পাশাপাশি বিদায়ী জার্সিতে রাখা হয়েছে সোনালি আবহ। কলার ও হাতায় রয়েছে সোনালি নকশা। পেছনে সোনালি অক্ষরে লেখা থাকবে মেসির নাম এবং বিখ্যাত ১০ নম্বর।

জার্সিটির অন্যতম আকর্ষণ আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক ‘সান অব মে’। মেসির নাম ও ১০ নম্বরকে ঘিরে সূর্যের রশ্মির নকশা রাখা হয়েছে। ফলে জার্সিটিকে শুধু ম্যাচের পোশাক হিসেবে নয়, মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক হিসেবেও উপস্থাপন করা হয়েছে।

জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্তের পর মেসির শেষ ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনের উদ্যোগ নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে বেনিনকে।

মেসিকে শেষবার আর্জেন্টিনার জার্সিতে দেখতে সমর্থকদের আগ্রহের চিত্রও স্পষ্ট হয়েছে টিকিট বিক্রিতে। ২৪ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরুর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে তাই মেসির বিদায়ী রাত হতে যাচ্ছে দর্শকে পরিপূর্ণ।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মেসির। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এই সময়ে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপের মতো বড় শিরোপা জিতেছেন তিনি। ২০২১ সালে কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান মেসি। পরের বছর জেতেন ফিনালিসিমা ও বিশ্বকাপ। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার ট্রফি ওঠে তার হাতে।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি। বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে সেই সংখ্যাকে আরও সমৃদ্ধ করার সুযোগ থাকছে তার সামনে। গোল হোক বা না হোক, ৬ অক্টোবরের রাতটি মেসি ও আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে- এমন প্রত্যাশাই এখন সমর্থকদের।