সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
৪ জানুয়ারী ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগের পর থেকেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি জোরালো হয়েছে। এ বিষয়ে আজ রোববার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রাজধানীর সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে, সেটি আমরা খতিয়ে দেখছি। খেলার যুক্তিতে যদি কাউকে বাদ দেওয়া হতো, তাহলে সেটি ভিন্ন বিষয় ছিল। কিন্তু যে যুক্তিতে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে আমাদের সেখানে একটি প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘সেই জায়গায় আমাদেরও একটি অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এরপর একটি পদক্ষেপ নেওয়া হবে।’
তবে তিনি স্পষ্ট করে জানান, এই ইস্যুর কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কেকেআর তাকে দল থেকে বাদ দেয়। এ ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এরই মধ্যে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চুপ করে বসে থাকার কোনো উপায় নেই। একটি প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। তবে সবকিছুই আইন ও প্রক্রিয়ার মধ্য দিয়েই করা হবে।’