মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঈদযাত্রা শুরু, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়


পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ট্রেন নির্ধারিত সময়েই ছাড়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

১৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ 

ঈদযাত্রা শুরু, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রোববার (১৫ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গত কয়েক বছরের অভিজ্ঞতায় ঈদযাত্রার সময় ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ার চিরাচরিত দৃশ্য থাকলেও এবার ভিন্ন চিত্র দেখা গেছে। ঈদযাত্রার শুরুতেই প্রতিটি ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক আগেভাগেই পরিবার ও ছেলে-মেয়েদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্টেশনে যাত্রীদের চাপ থাকলেও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। তবে অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে সব ট্রেন সময়মতো চললেও বেশ কয়েকটি ট্রেনের বগিতে নম্বর না থাকায় সঠিক আসন খুঁজে পেতে ভোগান্তির কথা জানিয়েছেন কিছু যাত্রী। এতে করে অনেকেই নির্ধারিত আসন খুঁজতে কিছুটা সমস্যায় পড়েন।

এদিকে ঈদ উদ্‌যাপনের জন্য বাড়ি যাওয়ার পাশাপাশি উৎসব শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন সাধারণ মানুষ। ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। রোববার সকাল থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২৫ মার্চের ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের এবং ১৪ মার্চ বিক্রি হয়েছে ২৪ মার্চের টিকিট। এছাড়া পর্যায়ক্রমে ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৬ থেকে ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি পরে নির্ধারণ করা হবে।