সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
১৮ মার্চ ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
মার্কিন দূতাবাস ঢাকা বি১-বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।
বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভিজিটর ভিসায় কোন কোন কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ—তার বিস্তারিত তুলে ধরা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, বি১-বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সাম্প্রতিক সময়ে অনেকেই এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে শিশুর নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করছেন, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত। দূতাবাস জানিয়েছে, এ ধরনের কার্যক্রম ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া, এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়- এমন কাজ করা যাবে না। অর্থাৎ, বেতনভিত্তিক কোনো চাকরি বা কর্মসংস্থানে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ব্যবসায়িক বৈঠক, আলোচনা বা সম্মেলনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। দূতাবাস আরও জানায়, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করাও অনুমোদিত নয়। পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে হলে আলাদা স্টুডেন্ট ভিসা (এফ-১) গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-এর বর্তমান প্রশাসনের অধীনে অভিবাসন ও ভিসা নীতিতে কড়াকড়ি বাড়ানো হয়েছে। সেই প্রেক্ষাপটেই ভিজিটর ভিসার অপব্যবহার ঠেকাতে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দূতাবাস সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-এ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।