রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সিলেটে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস


দুপুরের মধ্যে সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

১৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ 

সিলেটে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সিলেট জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আরেক বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একইসঙ্গে এসব অঞ্চলে রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। দেশের অন্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।