বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন তারেক রহমান


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান সশস্ত্র বাহিনীকে জাতির গর্ব বলে উল্লেখ করেছেন। তিনি বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তাদের ত্যাগ, শৃঙ্খলা ও সাহসিকতার প্রশংসা করেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বাহিনী উন্নয়নে ভূমিকার কথাও তুলে ধরেন। মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের স্মরণ করে দিবসের কর্মসূচির সফলতা কামনা করেন।

২০ নভেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ 

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে গড়ে উঠেছে জাতির এই গর্বিত প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত এক বাণীতে তিনি সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। একইসঙ্গে সশস্ত্র বাহিনীর সামগ্রিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। মুক্তিযুদ্ধের বিজয়ের অগ্রযাত্রার প্রতীক হিসেবে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি উল্লেখ করেন, ‘৭১-এর রণাঙ্গণে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্থান পেয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ মিশনে অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার বাহিনীতে রূপ দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম খালেদা জিয়াও বাহিনীকে আধুনিকায়নের পথে এগিয়ে নেন।

তিনি মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ সাতজন শহীদ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

বাণীর শেষে সশস্ত্র বাহিনী দিবস–২০২৫-এর সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন তিনি।