শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

হাসপাতালে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন সিসিইউতে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলের নেতারা।

২৭ নভেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ 

হাসপাতালে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, দুপুরে গুলশানের এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি চিকিৎসায় যুক্ত মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে খালেদা জিয়ার চিকিৎসা।

দলের পক্ষ থেকে ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।

এর আগে গত রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরদিন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা চলে এবং বুধবার (২৬ নভেম্বর) শায়রুল কবির খান জানিয়েছিলেন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা ও অন্যান্য জটিল রোগে ভুগছেন। নিয়মিত চিকিৎসা ও জটিলতা দেখা দিলে তাকে প্রায়ই হাসপাতালে ভর্তি হতে হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন তিনি।