জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৯ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ বাড়ছে দলের শীর্ষ নেতাদের মধ্যে। হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি ও আর্থ্রাইটিসসহ দীর্ঘদিনের জটিলতায় ভোগা বেগম জিয়াকে গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, তাঁর হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে।
গতকাল শুক্রবার নয়াপল্টন জামে মসজিদে বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা “অত্যন্ত সংকটাপন্ন”। তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর রোগমুক্তির জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছি।”
দিনভর বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হন। রাত ১১টার পর হাসপাতালের সামনে ভিড় আরও বাড়তে থাকে। হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মির্জা আব্বাসসহ অনেক জ্যেষ্ঠ নেতা। মঈন খান বলেন, “মেডিক্যাল বোর্ড সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে। প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
মির্জা আব্বাস জানান, তিনি সালাম দিলে খালেদা জিয়া হাত তুলে উত্তর দিয়েছেন। তাঁর ভাষায়, “আগেও এমন হয়েছিল, এবারও তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে আমার বিশ্বাস।”
বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, সিসিইউতে ইনফেকশনের ঝুঁকির কারণে প্রবেশ সম্ভব নয়, তবে মেডিক্যাল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে।
রাত ১১টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। জামায়াতের ঢাকা-১৭ আসনের প্রার্থী এস এম খালিদুজ্জামান, বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী ও অন্যান্য নেতারাও হাসপাতালে উপস্থিত ছিলেন।
এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “আমরা তাঁর শারীরিক অবস্থার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখছি।”
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মানবিক বিবৃতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউনূসের বক্তব্যে “সৌজন্য ও মানবিকতার প্রকাশ ঘটেছে।”
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন। এর আগে সর্বশেষ ১৫ অক্টোবর তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে ছিলেন এবং ফিরে এসে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিকে ঘিরে দুশ্চিন্তা বাড়ছে; তাঁর সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রয়েছে।