শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় পাঁচ সদস্যের বিদেশি বিশেষজ্ঞ টিম এভারকেয়ারে


গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। চীনা নাগরিকদের সংখ্যা টিমে বেশি বলে জানা গেছে।

১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ 

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় পাঁচ সদস্যের বিদেশি বিশেষজ্ঞ টিম এভারকেয়ারে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা জোরদারে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে মেডিকেল টিমটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যে চিকিৎসা তদারকিতে নিয়োজিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় বাড়তি বিশেষজ্ঞ মতামত অত্যন্ত প্রয়োজন। মেডিকেল বোর্ডের মতে, তার রোগ জটিলতা ও দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার কারণে বহুমুখী বিশেষজ্ঞ মতামত অপরিহার্য হয়ে উঠেছে। সূত্র আরও বলছে, আগত বিদেশি চিকিৎসকদের বেশিরভাগই চীনের নাগরিক।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সোমবার সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।”

সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, “খালেদা জিয়া সিসিইউতে আছেন। আগের মতো আজও তার চিকিৎসা চলছে। এটাই সবশেষ আপডেট। অন্য যে যাই বলুক, কেউ বিভ্রান্ত হবেন না।”

তিনি আরও বলেন, “যদিও তিনি সংকটের মধ্যে, গুরুতর অসুস্থ। কিন্তু গতকাল যেমন ছিলেন আজও তেমনই আছেন। নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেউ যেন এসব গুজবে কান না দেয়।”

৮১ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবরেও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ ছাড়া চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে নিতে হয়।