শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জামায়াতকে ‘অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল’ বললেন মির্জা আব্বাস


জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াত আওয়ামী লীগের মতোই ‘অসভ্য ও অভদ্র দল’। তিনি অভিযোগ করেন, জামায়াত ধর্ম বিকৃত করে এবং ১৯৭১ সালে রাজাকার-আলবদর হিসেবে দেশবিরোধী কাজে জড়িত ছিল—এখন তারাই ভোট চাইছে।

৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ 

জামায়াতকে ‘অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল’ বললেন মির্জা আব্বাস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, “জামায়াত আওয়ামী লীগের মতো অসভ্য দল।” বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “একটা খারাপ কথা বলতে হয়—আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল।”

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ধর্ম বিকৃতকারী একটি দল। “এরা মওদুদবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। এসব লোকের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন।”

বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?”

মির্জা আব্বাস আরও বলেন, যারা বাংলাদেশের পক্ষে ছিল না, তারাই এখন দেশে ভোট চাইছে—এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

এ সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।