শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তনে সব অপশক্তি পরাস্ত হবে: ইশরাক হোসেন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের সব অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব।

১৪ ডিসেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ 

তারেক রহমানের প্রত্যাবর্তনে সব অপশক্তি পরাস্ত হবে: ইশরাক হোসেন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের সব অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।রোববার রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে গেন্ডারিয়া থানা জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্বাচনে কাকে ভোট দেবেন, তা সম্পূর্ণভাবে জনগণের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি জনগণকে বিএনপির পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করার আহ্বান জানান। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই ইনশাআল্লাহ বাংলাদেশকে রক্ষা করা হবে।তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়- যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশে নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারবে। অভিযোগ করে তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের শিকার হলেও আন্দোলন থেকে একচুলও পিছপা হয়নি।

সারাদেশের সকল প্রার্থী ও রাজনৈতিক শক্তির উদ্দেশে ইশরাক হোসেন বলেন, এই লড়াই শুধু একটি নির্বাচনের জন্য নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে মানুষ ভয়হীনভাবে নাগরিক অধিকার ভোগ করবে।

তিনি আরও বলেন, যারা আবার ক্ষমতায় ফিরে এসে দেশের স্বাধীনতা বিক্রি করতে চায়, তাদের ষড়যন্ত্র এখন জনগণের সামনে স্পষ্ট। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির আন্দোলন থামাতে পারবে না।সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী প্রার্থীদের লক্ষ্য করে সহিংসতা শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনা এবং এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর ওপর হামলা- সবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

তিনি দাবি করেন, এসব হামলার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত এবং সম্প্রতি ফাঁস হওয়া অডিও বার্তায় হত্যার নির্দেশ ও প্রার্থী টার্গেট করার তথ্য প্রকাশ পেয়েছেইশরাক হোসেন বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সব ধরনের হুমকি চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে।

তিনি সকল প্রার্থী ও নেতাকর্মীদের নিজ নিজ অবস্থানে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবে তাদের বিচার নিশ্চিত করা হবে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, দেশের এই সংকটময় সময়ে তার মতো একজন অভিভাবকের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তিনি মহান আল্লাহর কাছে বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজয়ের মাস ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।গেন্ডারিয়া থানা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন টিপু, সদস্য হাজী মো. আকতার হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আবদুল কাদির, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ অপু ঢালী, রফিকুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।