শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

গণভোট হলে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি, সংস্কারের পক্ষে দলটি: নজরুল ইসলাম খান


আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজন করা হলে তাতে ইতিবাচক সাড়া দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে বিএনপি- এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংস্কারের দাবিতে বিএনপি শুরু থেকেই সোচ্চার।

১৩ জানুয়ারী ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ 

গণভোট হলে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি, সংস্কারের পক্ষে দলটি: নজরুল ইসলাম খান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজন করা হলে তাতে ইতিবাচক সাড়া দেবে বিএনপি। দলটির সিদ্ধান্ত হবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, “আমরা সবার আগে সংস্কার চেয়েছি। রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে বিএনপি বরাবরই অবস্থান নিয়েছে। গণভোট হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই আমাদের সিদ্ধান্ত।” তিনি আরও বলেন, “জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধি নিয়েও আমরা প্রস্তাব দিয়েছি।”

বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির প্রতিনিধি দল। এ বিষয়ে অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, “সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। অথচ অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদেরসহ অন্যান্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন।” তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত যেন ভবিষ্যতে আর জটিলতা সৃষ্টি না করে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।