বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তারেক রহমান


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন।

১৫ জানুয়ারী ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ 

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সেখানে উপস্থিত হন।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে অংশ নিচ্ছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে নিজ বাসভবনে যান তারেক রহমান। সেখানে স্বল্প সময় অবস্থানের পর ৬টা ৫২ মিনিটে বাসভবন ত্যাগ করে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবার একান্ত বৈঠক করেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকের ছায়া নেমে আসে দলটিতে। এর ১০ দিনের মাথায়, গত ৯ জানুয়ারি বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।