ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৪ জানুয়ারী ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
বিএনপিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক অপকৌশলের অংশ।
শনিবার সকালে রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডে অবস্থিত বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, “একটি রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা দাবি করেছেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে একটি মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু তিনি তার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। কারণ এ ধরনের কোনো তথ্যের ন্যূনতম বাস্তবতা বা সত্যতা নেই।” তিনি আরও বলেন, “বিতর্ক তৈরি করতেই এটি একটি রাজনৈতিক অপকৌশল। আর যদি কেউ ভুল তথ্যের ভিত্তিতে এসব বলে থাকেন, তাহলে সেটি তার অজ্ঞতা। অপকৌশল হোক বা অজ্ঞতা- যাই হোক না কেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণরূপে অপপ্রচার।”
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, “আমরা মনে করি, গণঅভ্যুত্থানের মানে হলো ইতিবাচক রাজনীতি। অপপ্রচার বা অপরাজনীতির কোনো স্থান এখানে নেই। বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি।” তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন হলো- ‘সবার আগে বাংলাদেশ’। “বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতাকে কেন্দ্র করেই বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে।”
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে মাহদী আমিন বলেন, “এই কার্ডগুলোর নামে যদি কেউ টাকা দাবি করে, সেটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপরাধমূলক।” তিনি জানান, একটি প্রতারক চক্র ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টির জন্য বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে টাকা চাইছে।
তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও কৃষকের সমৃদ্ধির লক্ষ্যে তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পরিকল্পনা ইতোমধ্যে দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হয়েছে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইনশআল্লাহ, এই কার্ডগুলো সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রকৃত উপকারভোগীদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে পৌঁছে দেওয়া হবে।”
এ বিষয়ে কেউ অসাধু উদ্দেশ্যে টাকা দাবি করলে দলকে জানানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ (শনিবার) রাতে নির্বাচনী জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র। তিনি বলেন, রাত ৭টা ৩৫ মিনিটে তিনি প্লেনে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
আগামীকাল ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন তারেক রহমান। এ আলোচনায় শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও পরিবেশসহ বিভিন্ন খাতে বিএনপির নীতিগত অবস্থান তুলে ধরা হবে এবং তরুণদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। পরবর্তী পর্যায়ে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সুয়াগাজী দিকবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক তিনটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এরপর নারায়ণগঞ্জের কাজলমাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাতেই তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন। সিলেট সফরের মতো এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতাদের একটি অংশ তার সফরসঙ্গী থাকবেন বলে জানান মাহদী আমিন।