শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, সেই ত্যাগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। স্বৈরাচারের বিদায় হয়েছে, এখন দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

২৮ জানুয়ারী ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ 

ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য মানুষের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন সময় দেশ গঠনের। সবাই ঐক্যবদ্ধ থাকলে একটি কাঙ্ক্ষিত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গাজীপুর শুধু একটি শিল্পনগরী নয়, এটি দেশের গার্মেন্ট শিল্পেরও রাজধানী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সূচনা করেন, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। একই সঙ্গে তিনিই প্রথম বিদেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে প্রথম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেন।

তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে নতুন নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে রপ্তানি খাতকে আরও শক্তিশালী করা হবে। খেটে খাওয়া মায়েদের জন্য চালু করা হবে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে।

গাজীপুরের জনগণের অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে এ জেলার মানুষের ভূমিকা অনস্বীকার্য। তাই গাজীপুরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে জয়দেবপুর রেলক্রসিংয়ে একটি ওভারব্রিজ নির্মাণ করে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, জেলার প্রধান তিনটি জলাধার- চিলাই নদী, তুলাগ নদী ও লবনদহ খাল- দূষণ ও ভরাটের কারণে মৃতপ্রায় হয়ে পড়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব খাল ও নদী পুনঃখননের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকায় আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শ্রমিকদের স্বাস্থ্যসেবার বিষয়েও প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শ্রমিকদের জন্য হেলথ কার্ড চালু করা হবে, যাতে ছোটখাটো চিকিৎসা সেবা ঘরে বসেই পাওয়া যায়।

শেষে তারেক রহমান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোটের দিন ফজরের নামাজ আদায় করে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, যেন কেউ ভোটকেন্দ্র দখল করতে না পারে।