শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

গণভোটে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের


আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগে প্রণীত ‘জুলাই সনদ’ রক্ষা করা দেশের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ 

গণভোটে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “রংপুর আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা মাটি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।” তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য ও অংশগ্রহণ ছিল, সেই ঐক্য ধরে রাখতে হবে। নিশিরাত ও ডামি নির্বাচনের যুগ শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান।

রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, “অনেকে রংপুরকে গরিব অঞ্চল বলে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো।” তিনি জানান, এই অঞ্চলে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং অন্তত এক ফসলের জন্য বীজ ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হবে।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অধিকার ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করা হবে। বক্তব্যের একপর্যায়ে উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, “আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কী?” জবাবে জনতা ‘ধানের শীষ’ বলে স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।