বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বিভ্রান্তি ছড়াতে এলে দেখামাত্রই ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান


নির্বাচনের আগে যারা এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্রই ‘গুপ্ত’ বলে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এরা দীর্ঘদিন জনগণের পাশে ছিল না, বরং গোপনে স্বৈরাচারী শক্তির সঙ্গে মিশে ছিল।

৩১ জানুয়ারী ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ 

বিভ্রান্তি ছড়াতে এলে দেখামাত্রই ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশজুড়ে বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে আসবে, তাদের একটিই পরিচয়- ‘গুপ্ত’।

তারেক রহমান বলেন, “আপনাদের অনেকের কাছেই কিছু লোক আসবে বিভ্রান্ত করার জন্য। যারা এসে আপনাদের বিভ্রান্ত করতে চাইবে, দেখামাত্রই বলবেন- তোমরা গুপ্ত। পারবেন তো?” জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, “কারণ গত ১৬ বছর আমরা এদের দেখিনি। এরা মিশে ছিল ৫ তারিখে যারা পালিয়ে গেছে, তাদের সঙ্গেই তলে তলে।” তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে , বিশেষ করে ১৯৮৬ ও ১৯৯৬ সালের সময়কালেও এই চক্র সব সময়ই দুই দিকেই অবস্থান নিয়েছে। “এরা কখনো এপিঠে, কখনো ওপিঠে কিন্তু জনগণের পক্ষে কখনোই নয়,” মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, লাখো মানুষের এই সমাবেশে চাইলে তিনি প্রতিপক্ষ সম্পর্কে অনেক কঠোর কথা বলতে পারতেন এবং তাতে হাততালিও পাওয়া যেত। তবে তাতে জনগণের কোনো লাভ হতো না। “জনগণের উপকার হয় এমন কথাই আমাদের বলতে হবে,” যোগ করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান দাবি করেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। “দেশকে সামনে এগিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা ও সক্ষমতা অন্য কোনো দলের নেই,” বলেন তিনি। শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের এমনভাবে থাকতে হবে যেন কেউ ষড়যন্ত্র করে আবার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর ধরে যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই অধিকার যেন আবার কেউ ছিনিয়ে নিতে না পারে।”