বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নির্বাচনে বিজয়ী হলে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন ও কৃষি আধুনিকায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের


নির্বাচনে জনগণের রায় পেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ এলাকার কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ফরিদপুরে এক নির্বাচনী জনসভায় তিনি এসব পরিকল্পনার কথা জানান।

৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ 

নির্বাচনে বিজয়ী হলে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন ও কৃষি আধুনিকায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার ফরিদপুরে অনুষ্ঠিত এক জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। জনগণের সমস্যার সমাধান নিশ্চিত হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগে উন্নীত করার দাবি পূরণ করা হবে।

তিনি বলেন, বৃহত্তর ফরিদপুর একটি কৃষিপ্রধান এলাকা। বিশেষ করে পাট শিল্প এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। বিএনপি সরকার গঠন করলে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করে পাট রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা নেওয়া হবে।

আধুনিক কৃষি ব্যবস্থাপনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ফরিদপুর অঞ্চলকে কেন্দ্র করে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বিএনপির। এর মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করে কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে। তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। জনগণের আস্থা ও সমর্থন থাকলে বিএনপি যে কোনো বড় কাজ বাস্তবায়নে সক্ষম হবে।

স্থানীয় কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি ও শিল্প- উভয় খাতের উন্নয়নের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

নারী উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রতিটি গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। এর ফলে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে।

এ ছাড়া গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঘরে ঘরে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।