জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি ও দলীয় নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থি বক্তব্য এবং কার্যকলাপের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’
ভিডিওতে আরও দেখা যায়, তিনি নিজ বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথাও বলেন এবং এটিকে হুমকি নয় বরং ‘স্পষ্ট ঘোষণা’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারালেও নির্বাচনী এলাকায় সক্রিয় ছিলেন। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে তিনি জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের পক্ষে প্রচারে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সহিংস বা ভয়ভীতি প্রদর্শনমূলক রাজনীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতেই বিএনপি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।