বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ


নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহাবস্থান ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর সঙ্গে। সোমবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ 

চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ভবিষ্যৎ সহযোগিতার বার্তা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর রমনায় তার বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান মুফতি রেজাউল করীম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

তারেক রহমানের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সাক্ষাৎকে ঘিরে ইসলামী আন্দোলনের আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতেই এই সৌজন্য সাক্ষাৎ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর পারস্পরিক যোগাযোগ ইতিবাচক রাজনীতির বার্তা বহন করে। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে কোথাও কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়- সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যাত্রায় ভিন্ন দল ও ভিন্নমতের সবার সহযোগিতা কামনা করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ নির্বাচনে ৬৮ আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন।