বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ঢাকার ফুটপাত ও সড়ক দখলমুক্তে আজ থেকে ডিএমপির কঠোর অভিযান


রাজধানী ঢাকার ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ কমাতে বুধবার (১ এপ্রিল) থেকে কঠোর অভিযানে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১ এপ্রিল ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ 

ঢাকার ফুটপাত ও সড়ক দখলমুক্তে আজ থেকে ডিএমপির কঠোর অভিযান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী ঢাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে নগরবাসীর চলাচল স্বাভাবিক করতে আজ বুধবার (১ এপ্রিল) থেকে কঠোর অভিযানে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ট্রাফিক বিভাগের আটটি বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে এ অভিযান শুরু হয়ে পর্যায়ক্রমে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ঢাকা মহানগরীর সড়কের পাশে বিভিন্ন দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যবসায়ীর দখলদারত্বের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনেই এ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, এ অভিযান সাধারণ হকারদের বিরুদ্ধে নয়। বরং যেসব সামর্থ্যবান ব্যবসায়ী সড়কের ওপর রেস্টুরেন্টের কিচেন বা স্থায়ী স্থাপনা তৈরি করে জনপথ আটকে রেখেছেন, তাদের বিরুদ্ধেই মূলত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের বৈধ জায়গার বাইরে অতিরিক্তভাবে ফুটপাত দখল করে ব্যবহার করছে। এসব দখলদারিত্ব এবার সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে হকারদের জন্য নির্ধারিত এলাকায় শিগগিরই হলিডে ও নাইট মার্কেট চালুর প্রস্তুতিও চলছে।

এর আগে গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় খাবার রেস্টুরেন্ট, যানবাহনের ওয়ার্কশপ, আসবাবপত্র ও পোশাকের দোকানগুলো তাদের কার্যক্রম ফুটপাত ও মূল সড়কে সম্প্রসারণ করেছে।

রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল বা কাবাব তৈরির মেশিন, ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি এবং আসবাবপত্র রাস্তার ওপর রাখার ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া মোটরগাড়ির ওয়ার্কশপগুলো প্রায়ই ফুটপাত ও সড়কের একটি লেন দখল করে গাড়ি মেরামত করে। এতে পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করেন, যা একদিকে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এবং অন্যদিকে কৃত্রিম যানজট সৃষ্টি করে।

ডিএমপি স্পষ্টভাবে জানিয়েছে, যারা অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, তাদের অনতিবিলম্বে মালামাল সরিয়ে নিতে হবে। অন্যথায় ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।