বিপিএলে ফিক্সিংয়ের সত্যতা পেল বিসিবি, চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
৮ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাং, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নজরদারি বাড়াতে মহানগরীর বিভিন্ন পয়েন্টে নতুন করে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাই রোধে ৭০০টি সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। একই সঙ্গে সেখানে পুলিশের জনবল বাড়ানো হয়েছে। বসিলায় নতুন একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে এবং আরও একটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এছাড়া রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বর্তমানে রাজধানীতে ১ হাজার ৯১০টি সিসি ক্যামেরা সচল রয়েছে। এর মধ্যে ডিএমপির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে ৭১০টি ক্যামেরা এবং গুলশান-বনানীসহ বিভিন্ন এলাকার ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির’ আওতায় পরিচালিত হচ্ছে আরও ১ হাজার ২০০টি ক্যামেরা। নতুন প্রকল্পের আওতায় ১১ হাজার ক্যামেরা কেনার টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
পুলিশ কর্মকর্তাদের মতে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের রহস্য উদ্ঘাটন সহজ হচ্ছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে রেসপন্স টিম পাঠানো সম্ভব হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, স্থায়ী ক্যামেরার পাশাপাশি পহেলা বৈশাখ, জাতীয় দিবসসহ বড় জনসমাগমের অনুষ্ঠানগুলোতেও অস্থায়ী সিসি ক্যামেরা ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
অপরাধীদের শনাক্ত করতে বর্তমানে ব্লক রেইড, নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিশেষ করে ধারালো অস্ত্র ব্যবহারকারী কিশোর গ্যাং সদস্যদের আইনের আওতায় আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির দাবি, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি রাজধানীর যানজট ব্যবস্থাপনাতেও সিসি ক্যামেরা প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখছে।