বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি: জরুরি ভিত্তিতে প্রতিবেদন পাঠানোর নির্দেশ


২১ নভেম্বরের ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপণে জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরসহ প্রাথমিক শিক্ষা বিভাগ।

২৪ নভেম্বর ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ 

ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি: জরুরি ভিত্তিতে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

২১ নভেম্বর ২০২৫-এ সারা দেশে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য দ্রুত সংগ্রহে নেমেছে সরকার। এ বিষয়ে রোববার (২৩ নভেম্বর) শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত এক চিঠিতে জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির তথ্য সচিত্র প্রতিবেদনসহ নির্ধারিত ছক অনুযায়ী সোমবার (২৪ নভেম্বর) এর মধ্যেই ইমেইলে (deskoneeed@yahoo.com) স্ক্যানকপি ও সফটকপি (Excel–Nikosh Font) পাঠাতে হবে।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্যও পৃথকভাবে আহ্বান করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। নির্ধারিত ছকে জেলা-উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষতির বিবরণসহ সকল তথ্য পূরণ করে আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড কপি এবং সফট কপি (Excel–Nikosh Font) ইমেইলে (dirplandpe@gmail.com) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে দেশের বহু জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উৎপত্তিস্থল নরসিংদী জেলার কাছে হওয়ায় ভূমিকম্পের প্রভাব রাজধানীসহ আশপাশের এলাকায় বেশি অনুভূত হয়।

ভূমিকম্পে ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ ও প্রয়োজনীয় পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করতে এই তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।