জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
২১ জানুয়ারী ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে গোয়েন্দা সংস্থার তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ অবস্থায় পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে ১ হাজার ৪০৮টি পরীক্ষা কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।
ডিপিই জানায়, জেলা প্রশাসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত মনিটরিং কর্মকর্তা, জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়। কোনো জেলা থেকে অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
তবে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে গৃহীত কঠোর পদক্ষেপের ফলে অসদুপায় অবলম্বন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে প্রতারণার সঙ্গে জড়িতদের বিভিন্ন সংস্থা আটক করে মামলা দায়ের করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১১ জানুয়ারি দেড় শতাধিক ব্যক্তি প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগসমূহ তদন্তের জন্য গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়। তদন্ত শেষে গোয়েন্দা সংস্থা অভিযোগগুলোর কোনো সত্যতা পায়নি বলে প্রতিবেদন দেয়।
এই প্রেক্ষাপটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে বলে জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।