শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র পাঠাতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন


অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র নির্বাচন করতে সিনেমা আহ্বান করেছে ‘অস্কার বাংলাদেশ কমিটি’। আগ্রহী প্রযোজক ও পরিচালকরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত প্রক্রিয়ায় চলচ্চিত্র জমা দিতে পারবেন।

২১ আগস্ট ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ 

অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র পাঠাতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য চলচ্চিত্র আহ্বান করেছে ‘অস্কার বাংলাদেশ কমিটি’। আগ্রহী প্রযোজক ও পরিচালকরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলচ্চিত্র জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদনকারীদের নির্ধারিত অনলাইন ফরম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) নিয়ম অনুযায়ী, অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বিবেচিত হওয়ার জন্য চলচ্চিত্রটির দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও এ বিভাগে জমা দেওয়া যাবে। চলচ্চিত্রটির মূল সংলাপ বা ডায়ালগ ট্র্যাকের ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় হতে হবে। একই সঙ্গে চলচ্চিত্রে স্পষ্ট ও নির্ভুল ইংরেজি সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।

অস্কারের ৯৯তম আসরের জন্য যোগ্য হতে চলচ্চিত্রটি ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের জন্য বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। এ প্রদর্শন অন্তত টানা সাত দিন হতে হবে। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে চলচ্চিত্রটি টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি বা কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটসহ অন্য কোনো অ-প্রেক্ষাগৃহ মাধ্যমে প্রদর্শিত বা প্রচারিত হলে সেটি অস্কারের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

কমিটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকতে হবে। আবেদনকারীদের নির্ধারিত অনলাইন ফরমে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভুল, অসম্পূর্ণ কিংবা অ্যাকাডেমির নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদন বাতিল হতে পারে বলেও সতর্ক করেছে কমিটি।

বাংলাদেশের হয়ে অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে কোন চলচ্চিত্রটি প্রতিনিধিত্ব করবে, তা নির্ধারণ করবে জুরি বোর্ড। আবেদন করা চলচ্চিত্রগুলোর মধ্য থেকে একটি চলচ্চিত্রকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।