বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
প্রভার আক্ষেপ •

শৈশবের নানা অজানা গল্প নিয়ে মুখ খুললেন প্রভা।


পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি জানান, একসময় অভাব-সংগ্রামের গল্প থাকা ছেলেদের প্রতি তার আলাদা আকর্ষণ ছিল। পাশাপাশি অভিনয়ে এসে কীভাবে স্পষ্টভাবে কথা বলতে শিখেছেন, সেটিও জানান। বর্তমানে "দেনা পাওনা" ও "দুই পয়সার মানুষ" সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভা।

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ 

শৈশবের নানা অজানা গল্প নিয়ে মুখ খুললেন প্রভা।
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে এখন আগের তুলনায় কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই নিজের উপস্থিতি জানান দেন তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন, ভাবনা ও অতীতের নানা অভিজ্ঞতা নিয়েও মাঝেমধ্যে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের পছন্দ, শৈশব-কৈশোর এবং বেড়ে ওঠার সময়কার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রভা।

আলাপচারিতায় নিজের একসময়ের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা জানান, একটা সময় তার কাছে অভাব সংগ্রামের গল্প থাকা ছেলেদের প্রতি আলাদা এক ধরনের আকর্ষণ কাজ করত। বিশেষ করে কেউ যদি নিজের জীবনের কষ্ট, না খেয়ে থাকা কিংবা পরিবারের সংগ্রামের গল্প বলতেন, সেটি তাকে সহজেই স্পর্শ করত।

প্রভার ভাষ্য অনুযায়ী, ছোটবেলায় তিনি কিছুটা চুপচাপ ও সরল স্বভাবের ছিলেন। অনেক সময় ঠিকভাবে নিজের কথা প্রকাশ করতেও পারতেন না। আমতা আমতা করে কথা বলতেন, ফলে তার বলা কথার পুরোটা অন্যরা বুঝে উঠতে পারতেন না। সেই সময়ের নিজের আচরণ ও স্বভাবের কথাও পডকাস্টে স্মরণ করেন তিনি।

অভিনেত্রী জানান, পরিবার ও আশপাশের মানুষের কাছ থেকে ছোটবেলা থেকেই অনেক বেশি আদর-স্নেহ পেয়েছেন। আত্মীয়স্বজন থেকে শুরু করে বাবা-মা এবং বন্ধুদের পরিবারের সদস্যরাও তাকে বেশ আদর করতেন। এর ফলে জীবনের বাস্তবতা বুঝতে এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে তার কিছুটা বেশি সময় লেগেছে বলে মনে করেন প্রভা।

তিনি বলেন, অভিনয়ে আসার পরই ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলা এবং নিজের বক্তব্য প্রকাশ করার বিষয়টি রপ্ত করেছেন। অভিনয় তাকে শুধু ক্যামেরার সামনে কাজের অভিজ্ঞতাই দেয়নি, ব্যক্তিত্বের নানা দিক বিকশিত করতেও ভূমিকা রেখেছে এমন কথাই উঠে আসে তার বক্তব্যে।

এদিকে পর্দায় তুলনামূলক কম দেখা গেলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে নেই প্রভা। বর্তমানে নতুন দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে রয়েছে নির্মাতা সাদেক সিদ্দিকীর "দেনা পাওনা"। সিনেমাটির বেশ কিছু অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের দৃশ্যধারণ চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে প্রভার হাতে রয়েছে "দুই পয়সার মানুষ" নামের আরেকটি সিনেমা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। ফলে দীর্ঘ বিরতির পর নতুন দুই সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রভার উপস্থিতি দর্শকদের জন্যও আগ্রহের বিষয় হয়ে উঠেছে।