আন্তর্জাতিক অঙ্গনে মিথিলা • নিউইয়র্কে গবেষণা ও শিক্ষকতায় মিথিলা
৪ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
দীর্ঘ প্রায় নয় মাস ক্যামেরার সামনে দেখা যায়নি ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। গুরুতর অসুস্থতার কারণে অভিনয় থেকে বিরতিতে ছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মার্চে ভারতের চেন্নাইয়ে যান অভিনেত্রী। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসা শেষে এপ্রিলের শুরুতে দেশে ফেরেন তানিয়া। এরপর থেকে নিয়মিত চিকিৎসা ও বিশ্রামের মধ্যেই ছিলেন তিনি। তবে বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ধীরে ধীরে আবারও অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তানিয়া। তিনি জানান, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। পাশাপাশি চিকিৎসাও নিয়ম মেনে চালিয়ে যাচ্ছেন।
এক দর্শকের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে এবং এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস চিকিৎসা নেওয়ার পর প্রয়োজনীয় কিছু পরীক্ষা করা হবে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।
দীর্ঘ বিরতির পর কাজে ফেরার ব্যাপারেও আশাবাদী তানিয়া। তিনি জানান, চলতি মাস থেকেই শুটিংয়ে ফেরার ইচ্ছা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তাও চলছে। শুটিং শুরু হলে বিষয়টি ভক্তদের জানাবেন বলেও জানান তিনি।
অভিনেত্রী বলেন, অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং করতে পারেননি। এখনো পুরোপুরি সুস্থ না হলেও আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা অনেক ভালো। তাই নিজের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই আবার কাজ শুরুর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তানিয়া। যারা তাঁর সুস্থতার জন্য দোয়া করেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন এবং আবার পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে অভিনয়ে ফেরার প্রস্তুতির মধ্যেই তানিয়ার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত সিনেমা "ট্রাইব্যুনাল"। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলীসহ আরও অনেকে। দীর্ঘ বিরতির পর এই সিনেমার কাজ দিয়েই নতুন করে ব্যস্ততায় ফেরার সম্ভাবনা রয়েছে অভিনেত্রীর।