মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
বিশ্বমঞ্চে রইদ •

আন্তর্জাতিক অঙ্গনে "রইদ" এর সাফল্য, একসঙ্গে তিন পুরস্কার


আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য পেয়েছে মেজবাউর রহমান সুমনের "রইদ"। কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি সেরা অভিনেত্রী, সেরা চিত্রগ্রহণ ও সেরা সংগীত এই তিন পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে নাজিফা তুষির অভিনয় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত পুরো টিম।

৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ 

আন্তর্জাতিক অঙ্গনে "রইদ" এর সাফল্য, একসঙ্গে তিন পুরস্কার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভিয়েতনামের দানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার সেরা ছবি হিসেবে ক্রিটিকস অ্যাওয়ার্ড জয়ের পর এবার কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও সাফল্যের দেখা পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা "রইদ"। আন্তর্জাতিক এই উৎসবে ছবিটি একসঙ্গে তিনটি পুরস্কার অর্জন করেছে।

"রইদ" থেকে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নাজিফা তুষি। পাশাপাশি সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছেন জোয়াহের মুসাভভির এবং সেরা সংগীতের স্বীকৃতি পেয়েছেন রাশীদ শরীফ শোয়েব। ফলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির অর্জনের তালিকায় যোগ হলো আরও তিনটি গুরুত্বপূর্ণ সম্মাননা।

সিনেমাটিতে "সাধুর বউ" চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। মুক্তির আগেই ছবিতে তাঁর লুক দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। প্রেক্ষাগৃহে মুক্তির পর সেই আগ্রহ আরও বাড়ে তাঁর অভিনয় ঘিরে। চরিত্রটিতে তুষির অভিনয় দর্শক সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং এবার আন্তর্জাতিক উৎসব থেকে এলো সেই অভিনয়ের স্বীকৃতিও।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় তুষি জানান, এই সম্মান তাঁর জন্য অত্যন্ত আনন্দের। তবে পুরস্কার পাওয়ার প্রত্যাশায় নয়, বরং একটি চরিত্রকে যথাযথভাবে পর্দায় তুলে ধরার লক্ষ্যেই তিনি কাজ করেন। তাঁর মতে, নিজের অভিনীত চরিত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলে একজন অভিনেত্রী হিসেবে সেটি নিঃসন্দেহে আনন্দের এবং একই সঙ্গে নতুন দায়িত্ববোধও তৈরি করে।

পরিচালক মেজবাউর রহমান সুমনও "রইদ" এর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, শক্তিশালী সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ছবিটির এমন স্বীকৃতি পাওয়া পুরো টিমের জন্যই আনন্দের। বিশেষ করে তুষির অভিনয়ের পাশাপাশি সিনেমাটোগ্রাফি ও সংগীত নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা পাওয়া তাঁদের জন্য বাড়তি প্রাপ্তি।

একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতিতে "রইদ" এখন বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও নতুন আশার বার্তা দিচ্ছে। ছবিটির অভিনয়, নির্মাণশৈলী, চিত্রগ্রহণ ও সংগীত সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক দর্শক সমালোচকদের নজরে আরও দৃঢ়ভাবে জায়গা করে নিচ্ছে সিনেমাটি।