ভারত বিধ্বস্ত • প্রথম দেখাতেই ভারতের বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
৬ অক্টোবর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
পাকিস্তানের অভিনেত্রী ও সাবেক সুপারমডেল জিয়া আলীর একটি মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। "পাবলিক ডিমান্ড" অনুষ্ঠানে হানিয়া আমির ও দুর-ই-ফিশান সেলিমের মধ্যে একজনকে বেছে নেওয়ার প্রশ্নের মুখোমুখি হলে জিয়া হানিয়ার পক্ষেই মত দেন। তবে পছন্দের অভিনেত্রীকে বেছে নেওয়ার পরই হানিয়ার আচরণ নিয়ে কিছুটা কড়া মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জিয়া আলী বলেন, অভিনয়ের ক্ষেত্রে হানিয়া অত্যন্ত প্রতিভাবান। তবে তার মতে, জনপ্রিয়তার সঙ্গে নিজের আচরণ ও প্রকাশভঙ্গির ক্ষেত্রেও একটি নির্দিষ্ট সীমারেখা বজায় রাখা প্রয়োজন। হানিয়াকে নিয়ে মন্তব্য করতে গিয়ে জিয়া এমন কথাও বলেন, সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন।
জিয়ার বক্তব্য অনুযায়ী, হানিয়া শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি পাকিস্তানের বিনোদন অঙ্গনের অন্যতম পরিচিত মুখ। তাই জনসম্মুখে তার আচরণ আরও সংযত হওয়া উচিত বলেই মনে করেন জিয়া। তবে হানিয়ার অভিনয় দক্ষতার প্রশংসা করতে ভোলেননি তিনি।
বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন জিয়া আলী। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি এখন যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বিউটিশিয়ান হিসেবে কাজ করলেও পরবর্তী সময়ে ফ্যাশন ও বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
অভিনয়ে বিরতির বিষয়ে জিয়া জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তার কাছে আসা চিত্রনাট্যগুলো প্রত্যাশা অনুযায়ী মনে হচ্ছে না। সে কারণেই আপাতত অভিনয়ের চেয়ে যোগব্যায়াম প্রশিক্ষণ, বিভিন্ন অনুষ্ঠান এবং পডকাস্টে অংশ নেওয়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।
অন্যদিকে, হানিয়া আমির পাকিস্তানের বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত অভিনয়শিল্পী। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নতুন কোনো কাজ সামনে এলেই ভক্তদের মধ্যে তা নিয়ে আগ্রহ তৈরি হয়।
জিয়া আলীর মন্তব্য প্রকাশ্যে আসার পর হানিয়াকে নিয়ে তার বক্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত জিয়ার মন্তব্যের বিষয়ে হানিয়া আমিরের কোনো প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।