রাজধানীতে তৎপরতা • ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৫১
১২ নভেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
দুই বাংলার দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এই দুই অভিনেত্রীকে। কলকাতার টালিউডে নির্মিত হতে যাচ্ছে সাইকোলজিক্যাল মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা "আরএসভিপি মার্ডার"। ছবিটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা অর্জুন দত্ত।
প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান "শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেড" এর ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। সহ-প্রযোজনায় থাকছেন রূপম গোস্বামী। পাহাড়ের শান্ত ও মনোরম পরিবেশকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। তবে প্রকৃতির সৌন্দর্যের আড়ালে উঠে আসবে মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা এবং নানা গোপন সত্যের ভয়ংকর অধ্যায়।
ছবিতে সম্পর্কের নানা অজানা দিক তুলে ধরা হবে। বন্ধুত্ব, দাম্পত্য জীবন ও পারিবারিক সম্পর্কের স্বাভাবিক আবরণের পেছনে লুকিয়ে থাকা ক্ষোভ, দ্বন্দ্ব এবং রহস্যই হয়ে উঠবে গল্পের মূল আকর্ষণ। প্রতিটি চরিত্রের মধ্যেই থাকবে নিজস্ব গোপনীয়তা, যা ধীরে ধীরে উন্মোচিত হবে কাহিনির সঙ্গে।
সিনেমাটিতে যুক্ত হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। তাঁর মতে, পরিচালক অর্জুন দত্তের কাজের প্রতি আগে থেকেই বিশেষ ভালো লাগা রয়েছে। রহস্যনির্ভর এই সিনেমার গল্প এবং নিজের চরিত্রের চ্যালেঞ্জিং দিক তাঁকে আকৃষ্ট করেছে। নতুন এই অভিজ্ঞতার অংশ হতে পেরে আনন্দিত তিনি।
অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছেন, অর্জুন দত্তের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। সিনেমার গল্পের পাশাপাশি তাঁর চরিত্রটিও বেশ আকর্ষণীয়। আগে কখনো এমন চরিত্রে অভিনয় করেননি বলে দর্শক তাঁকে সম্পূর্ণ নতুন রূপে দেখতে পাবেন বলে আশা করছেন এই অভিনেত্রী।
জয়া ও শ্রাবন্তীর পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, লোকনাথ দে ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।
দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রীর প্রথমবার একসঙ্গে পর্দায় আসার খবর ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে রহস্য, অপরাধ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মিশেলে "আরএসভিপি মার্ডার" দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেই অপেক্ষা।