বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্ল্যাকমেইলিং অভিযোগ •

ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগ, ফেসবুক লাইভে মুখ খুললেন ফারিন


পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিনের ব্ল্যাকমেইলিং, মানসিক নির্যাতন, ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ তুলেছেন অভিনেত্রী ফারিন খান। ব্যক্তিগত ভিডিও ও তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু করেছেন তিনি। শুটিং শেষে সংবাদ সম্মেলনে অভিযুক্তের পরিচয় প্রকাশের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী।

১৮ নভেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ 

ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগ, ফেসবুক লাইভে মুখ খুললেন ফারিন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল ফারিন খান। তার দাবি, পূর্বপরিচিত এক ব্যক্তি তাকে ব্ল্যাকমেইল করার পাশাপাশি ব্যক্তিগত ভিডিও, কথোপকথন ও বিভিন্ন তথ্য পরিচিতজনদের কাছে ছড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ প্রকাশ করেন তিনি। তবে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনই প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী।

ফেসবুক লাইভে নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরে ফারিন জানান, অভিনয় জগতের বাইরে তারও একটি ব্যক্তিগত জীবন রয়েছে, যা সবসময় গণমাধ্যমের আড়ালে রাখতে চেয়েছেন। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাধ্য হয়েই বিষয়টি সবার সামনে আনতে হচ্ছে। দীর্ঘদিনের এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান।

অভিনেত্রীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তার পূর্বপরিচিত এবং বর্তমানে তার কয়েকজন সহকর্মীর কাছে ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন বলেন, যারা এসব ভিডিও বা তথ্য পাচ্ছেন, তাদের সঙ্গেও তিনি কথা বলতে চান। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির আচরণকে দ্বিমুখী উল্লেখ করে তার বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যাচারের অভিযোগ তোলেন।

শুধু ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়াই নয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট এবং মুঠোফোন একাধিকবার হ্যাক করার অভিযোগও করেছেন ফারিন। তার দাবি, ব্যক্তিগত বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ তথ্য অভিযুক্ত ব্যক্তির কাছে রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও ফেসবুক লাইভে জানান তিনি।

এ সময় নিজের ব্যক্তিগত কোনো ছবি, ভিডিও কিংবা কথোপকথন কারও কাছে পাঠানো হলে বা প্রকাশের চেষ্টা করা হলে তাকে জানানোর অনুরোধ করেন অভিনেত্রী। পাশাপাশি ভবিষ্যতে কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হলে তার দায় সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ফারিন জানান, আগামী দুই থেকে তিন দিন শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় আপাতত অভিযুক্তের নাম প্রকাশ করছেন না। কাজের ব্যস্ততা শেষ হলে পরিবারের অভিভাবকদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। সেখানেই বিস্তারিত তথ্য ও অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তার।

সবশেষে এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।