মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
বিনোদন জগত

বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি কিন্তু হেরে যাইনি


৭ আগস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ 

বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি কিন্তু হেরে যাইনি

অভিনেত্রী তানিয়া বৃষ্টি | ছবি: সংগৃহীত

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। চলচ্চিত্রে অভিষেক হলেও ছোট পর্দাতেই নিয়মিত কাজ করছেন। তবে তার এই পথ চলা একেবারেই মসৃণ ছিল না। অভিনয় জীবনের সফলতার পেছনে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে তাকে।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নানা বিষয়ে কথা বলেন এ অভিনেত্রী। সেই নাটকে তার চরিত্রটির বিষয়েও নানা কথা বলেন তিনি। জানান, তার ব্যক্তিজীবন ও চরিত্রের মধ্যে অনেকটাই মিল রয়েছে।

বলে রাখা ভালো, প্রথমবারের মতো তানিয়া বৃষ্টি তার নিজের মনের মতো একটি গল্পে মনের মতো চরিত্রে অভিনয় করেছেন। আওরঙ্গজেব’র রচনায় ও মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে জয়িতার নানা চ্যালেঞ্জ উঠে এসেছে।

তার কথায়, জয়িতা যতটা চড়াই উতরাই পার করেছে হয়তো তানিয়া বৃষ্টি সেটার মুখোমুখি হয়নি। তবে বর্তমানে ক্যারিয়ারের যে জায়গায় অবস্থান করছেন এ জন্য অনেক কিছু পার করে আসতে হয়েছে। অনেক ধরনের স্ট্রাগল আমি করেছি।

তবে কখনও হেরে যাননি উল্লেখ করে তানিয়া বৃষ্টি বলেন, এমনও হয়েছে আমার কাজের জন্য ডেট নিয়েছে, আমি অন্য কাজ এটার জন্য বন্ধ করে রেখিছি। কিন্তু হঠাৎ করে বলছে কাজটি হবে না। কারণ হয়তো নায়ক চাচ্ছে না বা অন্য কিছু! এমন অনেক কিছুর মুখোমুখি হয়েছি কিন্তু হেরে যাইনি। 

তিনি আরও যোগ করে বলেন, এমনও কিছু আছে যা পরিবারের সঙ্গে শেয়ার করা যায় না। এমনও হয়েছে ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে কান্না করেছি, যাতে কেউ না শুনে।

ওই সময়টা পার করে আজকে আমি এই অবস্থানে। এ কারণে জয়িতার চরিত্রটি করতে গিয়ে আমার স্ট্রাগল অনুভব করতে পেরেছি।