শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ঈদের দিন দেশে কালবৈশাখীর আশঙ্কা, সকালেই ঢাকায় আঘাত হানতে পারে ঝড়


ঈদের আনন্দের মধ্যেই দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস মিলেছে। সম্ভাব্য ঈদের দিন শনিবার সারা দেশে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

১৯ মার্চ ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ 

ঈদের দিন দেশে কালবৈশাখীর আশঙ্কা, সকালেই ঢাকায় আঘাত হানতে পারে ঝড়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঈদুল ফিতরের দিন দেশে অস্থির আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, সম্ভাব্য ঈদের দিন সকাল ও সন্ধ্যা- এই দুই দফায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

তিনি বলেন, রাজধানী ঢাকাও এই ঝড়ের বাইরে থাকবে না। ঈদের দিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঢাকায় কালবৈশাখী আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনই নির্দিষ্ট সময় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার বিশ্লেষণে জানা যায়, ঈদের আগের দিন মধ্যরাতের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝড়টি বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগে প্রবেশ করতে পারে। এরপর ধীরে ধীরে এটি ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী অঞ্চলে ঝড়ের প্রভাব দেখা দিতে পারে। এরপর সকাল ৬টা থেকে ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকায় এবং সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ঝড়টি অতিক্রম করতে পারে।

এছাড়া তিনি আরও জানান, ঈদের আগের দিন এবং ঈদের পরের দিনও দেশের বিভিন্ন স্থানে ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এই সময় তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে পরবর্তীতে আবার বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ঈদের সময় ভ্রমণ বা বাইরে নামাজে অংশ নেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।