সোমবার, ২৭ জুলাই, ২০২৬

লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

২৬ জুলাই ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ 

লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের কারণে মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। এর ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগেও দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির বিস্তার বাড়তে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।