সোমবার, ৮ জুন, ২০২৬

আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা সরকারের


আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বক্তব্য দেওয়ার সময় এই তথ্য জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা সরকারের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সংসদ অধিবেশনে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের একটি তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নুরুল হক নুর দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের বর্তমান চিত্র ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।

সংসদকে দেওয়া তথ্যে প্রতিমন্ত্রী জানান, বিগত ২০২৫ সালের ১ জুলাই থেকে চলতি ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও পেশাদার কর্মী পাঠানোর মাধ্যমে এই কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ করতে সরকারের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

যেসব দেশে বর্তমানে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত আকারে রয়েছে, সেই বাজারগুলো পুনরায় উন্মুক্ত ও সম্প্রসারণের জন্য সরকারের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বিশেষ করে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সরকারের দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ বর্তমানে চলমান রয়েছে।

সরকার আশা করছে, চলমান কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে এবং দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হলে আগামী অর্থবছরের জন্য নির্ধারিত ১৪ লাখ কর্মী পাঠানোর এই লক্ষ্যমাত্রা সহজেই অর্জন করা সম্ভব হবে, যা দেশের রেমিট্যান্স প্রবাহকে আরও গতিশীল করবে।