শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

দেশে হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভিড় বাড়ছে


দেশে হাম-এর উপসর্গ নিয়ে গত ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে হাজারো শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

৩ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ 

দেশে হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভিড় বাড়ছে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে হামের উপসর্গ নিয়ে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ৭৯২ জন শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৪৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় তিনজন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এ সময়ের মধ্যে মোট ২ হাজার ৫২৭ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেশি। গত ১৯ দিনে এমন উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তবে পূর্বে প্রকাশিত তথ্য সংশোধন করে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত মৃত্যুর তালিকা থেকে ৫টি মৃত্যু বাদ দিয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে ব্রাহ্মণবাড়িয়া (৩), লক্ষ্মীপুর (১) ও চাঁদপুর (১) জেলার এসব মৃত্যু জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানানো হয়। এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও একজন হামে আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। অন্যথায় শিশুদের মধ্যে এই রোগ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।