মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হরমুজ প্রণালিতে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ দাবি ইরানের, নৌযান চলাচলে বাধ্যতামূলক সমন্বয়ের নির্দেশ


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই প্রণালি দিয়ে চলাচলকারী সব ধরনের নৌযানকে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করতে হবে। একই সঙ্গে শত্রুভাবাপন্ন দেশগুলোর সামরিক জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার কথাও জানানো হয়েছে।

১৮ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ 

হরমুজ প্রণালিতে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ দাবি ইরানের, নৌযান চলাচলে বাধ্যতামূলক সমন্বয়ের নির্দেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই কৌশলগত জলপথ এখন থেকে সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারির আওতায় থাকবে।

হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, প্রণালিটি দিয়ে চলাচলকারী যেকোনো নৌযানকে আগে থেকেই ইরানের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

নতুন ঘোষণার আওতায় শত্রুভাবাপন্ন বা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কোনো সামরিক জাহাজকে এই পথ ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে তেহরান। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের মতোই চলাচল করতে পারবে বলে জানিয়েছে আইআরজিসি।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে ইরানের এ ধরনের অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে গত কয়েক দিনে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের সংখ্যা কিছুটা বেড়েছিল। বিভিন্ন সূত্র জানিয়েছে, বিশেষ করে চীনা কোম্পানির প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ সম্প্রতি এই পথ অতিক্রম করেছে। তবে আইআরজিসির নতুন কঠোর অবস্থানের ঘোষণার পর গত ২৪ ঘণ্টায় অন্য কোনো জাহাজের চলাচলের তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, হরমুজ প্রণালিতে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে।

সূত্র:আল-জাজিরা