বুধবার, ১৩ মে, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও মার্কেট


আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

১৩ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ 

ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও মার্কেট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকলেও এখন থেকে ঈদ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষের কেনাকাটার সুবিধা নিশ্চিত করতে আজ (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা জারির জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সরকারের এ সিদ্ধান্তে ঈদ কেনাকাটায় ক্রেতাদের ভিড় ও সময়ের চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে চাকরিজীবী ও ব্যস্ত নগরবাসীর জন্য অতিরিক্ত সময় কেনাকাটায় স্বস্তি এনে দেবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।