বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে দেশজুড়ে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৮ মার্চ ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ 

জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে দেশজুড়ে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথাগতভাবে স্বাধীনতা দিবসে বর্ণিল আলোকসজ্জা করা হলেও উদ্ভূত পরিস্থিতিতে এবার তা পরিহার করা হচ্ছে। তিনি বলেন, জ্বালানি সংকট যাতে না হয় এবং সাশ্রয়ী হওয়া যায়, সে জন্য দেশব্যাপী কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পমাল্য অর্পণসহ সব রাষ্ট্রীয় কর্মসূচি ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বিশেষ নজর দিচ্ছে। সড়ক পরিবহনে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং জনজীবনে স্বস্তি বজায় থাকে, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে গার্মেন্টস খাতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো অসন্তোষ না হয়, সে জন্য বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের প্রস্তুতি সমন্বয়ের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়।

সাম্প্রতিক বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ও ‘মব জাস্টিস’ প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। “বাংলাদেশ থেকে মব কালচার বিলুপ্ত করা হবে,” বলেন তিনি। তিনি আরও জানান, নরসিংদীতে সংঘটিত অপরাধের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং চট্টগ্রামসহ অন্যান্য জায়গার ঘটনাগুলোও পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।