শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শেখ হামাদ বিন খলিফার নামে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর


কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে এ বিষয়ে বিরোধীদলীয় নেতার উত্থাপিত বিশেষ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, এ লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

১৬ জুলাই ২০২৬, ২:২৫ অপরাহ্ণ 

শেখ হামাদ বিন খলিফার নামে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপিত এ-সংক্রান্ত বিশেষ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি ইতোমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে মৌখিক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ঢাকা সিটি করপোরেশনকে একটি উপযুক্ত সড়ক নির্বাচন করে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি সংসদে বিষয়টি উত্থাপন করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে মূলত কাতারের জনগণের প্রতিই বাংলাদেশের শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, কাতার বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি কাতার এখনো বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও বলেন, কাতারে কর্মরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশটি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি ঘিরে সৃষ্ট সংকটের সময়ও কাতার সরকার সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিজ দেশের নাগরিকদের মতো নিরাপত্তা ও সুরক্ষা দিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শেখ হামাদ বিন খলিফা আল থানির অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বলেও তিনি জানান।