রবিবার, ২ আগস্ট, ২০২৬

৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ


২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সিএনজি (গ্যাস) সরবরাহ নিশ্চিত, ফিলিং স্টেশন থেকে শিল্প-কারখানায় ক্যাসকেড সিলিন্ডারের মাধ্যমে অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনের পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক সিদ্ধান্ত তুলে ধরা হবে।

১ আগস্ট ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ 

৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী ৪ আগষ্ট ২০২৬ ইং তারিখ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ।

গত ২৯ জুলাই ২০২৬ তারিখে রাজধানীর মিরপুরস্থ পাথওয়ে অডিটোরিয়ামে ২৪ ঘণ্টা  সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের আহ্বায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা, সিএনজি ফিলিং স্টেশন থেকে শিল্প-কারখানায় অবৈধভাবে ক্যাসকেড সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা এবং পরিষদের ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনের কর্মসূচি ও পরিষদের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত পরিষদের উদ্দোগে আগামী ৪ আগষ্ট ২০২৬ ইং তারিখ সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশের পরিবহন খাতের সকল বেসিক ইউনিয়নকে সম্পৃক্ত করে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে পূর্বনির্ধারিত আহ্বায়ক কমিটিকে সম্প্রসারণ করে অ্যাপ-বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি জনাব বেলাল আহমেদ-কে আহ্বায়ক এবং বাংলাদেশ অটোরিকশা সিএনজি হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম ফারুক-কে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় এ উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে যানবাহনের জ্বালানি সংকট নিরসনে সরকারের প্রতি বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে দুর্ঘটনাপ্রবণ ক্যাসকেড সিলিন্ডারে গ্যাস পাচারের মাধ্যমে পরিবহন খাতকে কোনোভাবেই সংকটের মুখে ঠেলে দেওয়া যাবে না। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সভায় পরিষদের নেতৃবৃন্দ আরও বলেন, "আমরা শিল্পের বিরুদ্ধে নই। আমরা বলছি - শিল্পের গ্যাস সংকটের সমাধান পরিবহন খাতের গ্যাস কেটে নয়। একটি খাতকে বাঁচাতে আরেকটি খাতকে ধ্বংস করা কোনো সমাধান হতে পারে না। শিল্প যেমন দেশের অর্থনীতির চালিকাশক্তি, তেমনি সিএনজি-নির্ভর পরিবহন দেশের নাগরিক জীবনের রক্তপ্রবাহের ন্যায়। তাই সরকারকে এমন কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে শিল্প ও পরিবহন - উভয় খাতই সমানভাবে সচল ও সুরক্ষিত থাকে।"

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন সাংগঠনিক ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে। পরিশেষে একাধিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

উক্ত প্রতিনিধি সম্মেলনে মোট ১৯ সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংগঠনগুলো হলো যথাক্রমে- অ্যাপ-বেইজ্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন,  বাংলাদেশ অটোরিক্সা সিএনজি হলকাযান পরিবহণ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারশন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, ঢাকা মেট্রোপলিটন অটো টেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর সিএনজি মালিক সমিতি, ঢাকা সিটি অটেরিক্সা মালিক সমিতি, ঢাকা মহানগর ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর ফোরস্ট্রোক সিএনজি অটোরিক্সা চালক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিকদল, ঢাকা জেলা সিএনজি মিশুক শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদ, ঢাকা মহানগর সিএনজি চালক সংগঠন, কাফরুল থানা সিএনজি মালিক অটোরিক্সা সমিতি, ঢাকা মহানগর প্রাইভেট সিএনজি অটোরিক্সা মালিক কল্যান সমিতি,  ঢাকা রাইডশেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন, ড্রাইভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।